মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

গোপালগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক করতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জে সহিংসতার পর পরিস্থিতি স্বাভাবিক করতে নতুন ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

গোপালগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক করতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জে গত রোববারের সহিংসতা ও নাশকতার পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। জননিরাপত্তা নিশ্চিত করতে নতুন করে চার প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এ নিয়ে জেলার মোট ১০ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে।

পুলিশ, এপিবিএন, আরআরএফসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও নিরাপত্তা ও টহল কার্যক্রম জোরদার করেছে। সোমবার সকাল থেকে জেলার জনজীবন অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছে। সাধারণ মানুষ প্রয়োজনীয় কাজে ঘর থেকে বের হতে শুরু করেছেন।

শহরের সড়কগুলোতে রিকশা, ভ্যানসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে এবং শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকায় শিক্ষার্থীরা নিজ নিজ গন্তব্যে যাচ্ছে। তবে গতকালের ঘটনার আতঙ্ক এখনও সাধারণ মানুষের মধ্যে বিরাজ করছে।

বিজিবির জনসংযোগ দপ্তর জানিয়েছে, বডি ওর্ন ক্যামেরাসহ ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে যাতে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো যায়।

রিকশাচালক সালাম মিয়া বলেন, ‘ভয়ে ভয়ে থাকলেও কাজ করে খেতে হবে। তাই বাইরে বের হতেই হবে।’

ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান জানান, পরিস্থিতির উন্নতি হয়েছে। প্রায় দুই হাজার পুলিশ সদস্য ও কর্মকর্তাকে মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, ‘গোপালগঞ্জের ৬৭ কিলোমিটার মহাসড়কে নিরাপত্তা জোরদার করা হয়েছে।’

গত রোববারের সহিংসতার ঘটনায় মামলা করার কার্যক্রম চলছে এবং বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিআইজি জানান, আইনবহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে।

গোপালগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ কয়েকজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। যদিও পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে জনমনে পুরোপুরি স্বস্তি ফেরেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি নজরদারি ও নিরাপত্তাব্যবস্থার মধ্যে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে গোপালগঞ্জের জনজীবন।

বিজ্ঞাপন