ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ওমর সানী সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এম এ জলিল অনন্তের বিপুল পরিমাণ ঋণের বিষয়ে একটি ভিডিওবার্তা প্রকাশ করেছেন। রোববার (১৫ নভেম্বর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘আমার কিছু কথা এবং অনন্ত জলিল’ শিরোনামে এই ভিডিওটি শেয়ার করেন।
ভিডিওতে সানী বলেন, ‘অনন্ত জলিলের সঙ্গে যতটুকু মিশেছি, দেখেছি তিনি একজন ভালো মনের মানুষ এবং খুবই ভালো একজন ফাইটার। বর্তমানে যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, আমার মনে হয় এটি তাঁর কাছে খুব বড় কোনো ব্যাপার নয়।’
তিনি আরও যোগ করেন, ‘আমার বিশ্বাস অনন্ত জলিলের জন্য পরিস্থিতি মোকাবিলা করা কঠিন হবে না। এত বেশি আলোচনা করে তাঁকে ছোট করার কোনো অর্থ হয় না, আবার অযথা বড় করারও কোনো প্রয়োজন নেই।’
ওমর সানী অনন্ত জলিলকে শুভকামনা জানিয়ে বলেন, ‘আপনার জন্য অনেক শুভকামনা। আশা করি আপনি খুব সংক্ষেপে এর সমাধান করে ফেলবেন।’
ভিডিওবার্তায় সানী নিজের ব্যস্ততা ও ব্যবসার প্রসঙ্গেও কথা বলেন। তিনি জানান, হেমায়েতপুরে অবস্থিত তাঁর রেস্তোরাঁর পাশ দিয়েই অনন্ত জলিলের পোশাক কারখানার (গার্মেন্টস) সামনে প্রায়ই যাতায়াত করেন।