রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার নিহত

গাজায় ইসরায়েলি হামলায় হামাসের রাফাহ ব্রিগেডের কমান্ডার সামির আবু ইউনুস নিহত হয়েছেন।

গাজায় ইসরায়েলি হামলায় হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার নিহত

ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর রাতভর হামলায় হামাসের রাফাহ ব্রিগেডের কমান্ডার সামির আবু ইউনুস নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) এবং দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

হামাসের পক্ষ থেকেও শুক্রবার (১৩ নভেম্বর) সকালে আবু ইউনুসের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। আইডিএফের দাবি, আবু ইউনুস মাত্র দুই মাস আগে রাফাহ ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ১৫ সেপ্টেম্বর নিহত নায়েল আবু ওবেইদের স্থলাভিষিক্ত হন।

আইডিএফ জানায়, আবু ইউনুস রাফাহ ব্রিগেডের উপকমান্ডার এবং তাল আল-সুলতান ব্যাটালিয়নের কমান্ডার হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাকে হামাসের জ্যেষ্ঠ নেতাদের মধ্যে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে।

ইসরায়েলি বাহিনীর অভিযোগ, আবু ইউনুস রাফাহ থেকে খান ইউনিস এলাকায় কার্যক্রম পরিচালনা করছিলেন এবং সেখান থেকে ইসরায়েলি বেসামরিক নাগরিক ও সেনাদের ওপর হামলার নির্দেশ দিচ্ছিলেন। আইডিএফ দাবি করেছে যে, হামলায় বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি কমানোর জন্য সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।

হামলায় ব্যবহৃত অস্ত্রের নির্ভুলতা এবং আকাশপথে নজরদারির ব্যবস্থা ছিল বলে জানিয়েছে আইডিএফ। হামলার সময় আবু ইউনুসকে লক্ষ্য করে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে তাকে একটি সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় লক্ষ্যবস্তু করা হচ্ছে।

তবে হামলার ফলে বেসামরিক নাগরিকদের হতাহত হওয়ার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন