যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে, ইরানের অস্ত্রভাণ্ডারে বর্তমানে দেড় হাজার থেকে আড়াই হাজার ক্ষেপণাস্ত্র থাকতে পারে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্রের প্রকৃত সংখ্যা নির্ধারণ করা কঠিন, তাই গোয়েন্দাদের এই মূল্যায়নকে 'স্বল্পমাত্রার নির্ভরযোগ্য' হিসেবে দেখা হচ্ছে। তবে মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, তেহরানের কাছে বিপুলসংখ্যক ক্ষেপণাস্ত্র রয়েছে।
ইরানের ক্ষেপণাস্ত্রের সম্ভাব্য আকার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় প্রভাব ফেলছে। বিশেষ করে, ইরানের ওপর নতুন সামরিক হামলা চালানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই তথ্য গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
ইসরায়েলি কর্মকর্তাদের মতে, ইরানের কাছে দেড় হাজারের বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। সাম্প্রতিক সংঘাতে ইরানের ক্ষেপণাস্ত্রের মজুত এবং উৎপাদন সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে তেহরান নতুন করে সংঘাতের প্রস্তুতি নিচ্ছে।
এক ইসরায়েলি কর্মকর্তা বলেন, 'তারা আবারও নিজেদের সামরিক সক্ষমতা গড়ে তুলছে এবং অস্ত্রশস্ত্রে সজ্জিত হচ্ছে।' এর আগে, ইরান তাদের নতুন একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করে।
ব্লুমবার্গের বরাত দিয়ে জানা গেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের প্রচলিত সামরিক সক্ষমতার একটি বড় অংশ ধ্বংস হয়েছে, তবে দেশটির হাতে এখনো অন্তত ১ হাজার ৭শ' ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকতে পারে।
ইরান প্রতি মাসে প্রায় ৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে, ফলে সামরিক সক্ষমতা পুনর্গঠনের পাশাপাশি ক্ষেপণাস্ত্রের মজুত বাড়ানোর চেষ্টা করছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক দিনগুলোতে ইরানে হামলার পরিকল্পনা থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছেন। তিনি জ্যেষ্ঠ উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করে বলেন, যদি তেহরান বা ইয়েমেনে ইরান-সমর্থিত হুতিরা নতুন কোনো উসকানিমূলক পদক্ষেপ না নেয়, তবে ইরানে হামলা আপাতত স্থগিত রাখতে পারেন।
অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ সামরিক হামলার পক্ষে রয়েছেন। ২৭ অক্টোবরের নেসেট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পরও তার অবস্থানে পরিবর্তন আসেনি।