ইরান বুধবার (১১ নভেম্বর) তাদের সামরিক সক্ষমতা প্রদর্শনের জন্য একটি নতুন এবং বিশাল 'মিসাইল সিটি' উন্মোচন করেছে। এই ভূগর্ভস্থ সামরিক স্থাপনাটি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কর্তৃক প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়।
ভিডিওতে আইআরজিসির দুই শীর্ষ কর্মকর্তা ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রে ঘেরা এই বিশাল স্থাপনাটি পরিদর্শন করতে দেখা যায়। নতুন এই শহরে 'ফাত্তাহ-১' ও খাইবার শেকান-এর মতো মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখা হয়েছে।
স্থানটিতে পণ্য পরিবহনের জন্য কিছু সাধারণ ট্রাকও ছিল, যেগুলোর পেছনে সুকৌশলে ক্ষেপণাস্ত্র লঞ্চার লুকিয়ে রাখা হয়। মেজর জেনারেল আলী আবদোল্লাহি এই স্থাপনাটি পরিদর্শনকালে শত্রুদের উদ্দেশ্যে সতর্কবার্তা দেন। তিনি বলেন, "ইরানের ওপর আবারও হামলা হলে তার জবাব শুধু মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে না।"
২০২৫ সালের সংঘাতে ইসরায়েলি হামলার কারণে ইরানের অনেক সমরাস্ত্র স্থাপনা ধ্বংস হয়েছিল বলে দাবি করা হয়। তবে আইআরজিসি জানিয়েছে, মাটির অনেক গভীরে অবস্থিত এসব সুরক্ষিত কমপ্লেক্সে ড্রোন ও অস্ত্র উৎপাদন স্বাভাবিকভাবেই চলছে।
আইআরজিসির মুখপাত্র জানান, প্রবল বোমা হামলার মুখেও উৎপাদন যেন ব্যাহত না হয়, সেজন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। মূলত ক্রমাগত বিমান হামলা সত্ত্বেও নিজেদের শক্তিশালী সামরিক ভিত্তি প্রমাণ করতেই ইরান পরিকল্পিতভাবে এই ভিডিও প্রকাশ করেছে।
গত মার্চে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছিলেন, ইরানের আর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা নেই। তবে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার গুঞ্জনের মাঝে এই স্থাপনা উন্মোচন করে তেহরান তাদের অক্ষত ক্ষেপণাস্ত্র সক্ষমতার বার্তা দিল।