তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমির শহরের কাছে আলিয়াগা এলাকায় একটি ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। সোমবার (৯ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১১টা ৪৬ মিনিটে এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। স্থানীয় গভর্নর জানিয়েছেন, কারখানার একটি বড় শিল্প চুল্লির বয়লার পরিবর্তনের কাজ চলাকালীন একটি ভারী ক্রেন ভেঙে পড়ে। এর ফলে বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান দুর্ঘটনার তদন্তের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, বিস্ফোরণের কারণ এবং নিরাপত্তাব্যবস্থায় কোনো অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখা হবে।
স্থানীয় মেয়র সেমিল তুগায় জানান, ধ্বংসস্তূপ সরানোর কাজ শেষ না হওয়া পর্যন্ত হতাহতদের প্রকৃত সংখ্যা নিশ্চিত করা সম্ভব হবে না। প্রত্যক্ষদর্শী দানিজ উলকা বিস্ফোরণের ভয়াবহতা বর্ণনা করে বলেন, বিস্ফোরণের শব্দ ও কম্পন এতটাই তীব্র ছিল যে মনে হচ্ছিল ভূমিকম্প হয়েছে।
শ্রমিক সংগঠনগুলো অভিযোগ করেছে, কারখানাটিতে দীর্ঘদিন ধরে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ছিল। লেবার পার্টির ইজমির শাখা জানিয়েছে, গত তিন সপ্তাহের মধ্যে এটি তৃতীয় প্রাণঘাতী দুর্ঘটনা। গত ১০ বছরে ওই কারখানায় সাতজন কর্মী নিহত হয়েছেন।
দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন ও আজারবাইজানসহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা।