বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন সম্প্রতি নতুন ২৯ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে। সরকারের নির্দেশনায় এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক, ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী কায়েস আহমেদ সেলিম।
সোমবার (৯ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাসুদ আহমেদ মিলন, যিনি একজন পরিচিত ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী।
কমিটিতে আন্তর্জাতিক ক্রীড়াবিদ মো. জাবেদসহ সাতজন সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। সহসভাপতি হিসেবে নির্বাচিত অন্য সদস্যরা হলেন মাজহারুল ইসলাম খান, হাজী মো. ইউসুফ, লুৎফর রহমান, কামাল আনোয়ার আহমেদ, গোলাম সারওয়ার ফারুক ও শারাফাতউল্ল্যা আরিফ। যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আশরাফুল আলম মাসুম ও মো. নাদিম।
কমিটির কোষাধ্যক্ষ হয়েছেন মো. রেজাউল আহসান আকন্দ। নতুন কমিটির ১৭ জন সদস্যের মধ্যে রয়েছেন বিভিন্ন ক্রীড়া সংগঠক, শিল্পোদ্যোক্তা ও সাবেক খেলোয়াড়।
নতুন দায়িত্ব গ্রহণের পর কায়েস আহমেদ সেলিম জানান, রোলার স্কেটিং অঙ্গনের মানোন্নয়ন এবং এই খেলাকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়াই তাদের প্রধান লক্ষ্য। তিনি বলেন, "রোলার স্কেটিং আমার কাছে নতুন নয়, আমি এই কমিউনিটির সঙ্গে সুপরিচিত।"
তিনি আরও বলেন, "যে কদিন দায়িত্বে থাকবো, ফেডারেশনের মানোন্নয়ন আর সার্বিক কল্যাণে যা প্রয়োজন, সেই পদক্ষেপগুলোই নেওয়া হবে।"
কায়েস আহমেদ সেলিম পেশাদারিত্ব বাড়াতে দেশে নিয়মিত টুর্নামেন্ট আয়োজন এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের রোলার স্কেটারদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। তিনি উল্লেখ করেন, "কম্পিটিশন ছাড়া উন্নয়ন সম্ভব নয়।" বিজয় দিবসে ফেডারেশনের পক্ষ থেকে একটি ব্যতিক্রমী আয়োজনের পরিকল্পনা করছেন বলেও জানান তিনি।