মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর মাদ্রাসা এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (মেমিস) সফটওয়্যারের রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কার্যক্রম চলমান থাকায় এমপিও-সংক্রান্ত অনলাইনে আবেদন দাখিলের সময়সীমা বৃদ্ধি করেছে।
অধিদপ্তরের এক নোটিশে জানানো হয়েছে, সফটওয়্যারের স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হওয়ায় নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে। বেসরকারি মাদ্রাসার প্রধানরা আগামী ১০ নভেম্বর পর্যন্ত অনলাইনে এমপিও আবেদন দাখিল করতে পারবেন।
এছাড়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসাররা আগামী ১২ নভেম্বর পর্যন্ত আবেদনসমূহ অনলাইনে অগ্রায়ন করতে পারবেন। সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান প্রধান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের নির্ধারিত সময়সীমার মধ্যে কার্যক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
নোটিশে আরও বলা হয়েছে, মেমিস সফটওয়্যারের মাধ্যমে আবেদন অগ্রায়নে কোনো সমস্যা হলে মেমিসের রেজিস্ট্রিকৃত ফোন নম্বর এবং আইপি অ্যাড্রেস হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।