নারায়ণগঞ্জের ফতুল্লার জামিয়া আশরাফিয়া মাদরাসায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ৪৮ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। সোমবার রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। আহতদের মধ্যে নাইমুল ইসলাম (১৫), তানভীর (২১), ইউসুফ (১৮) ও অন্যান্য শিক্ষার্থীরা অন্তর্ভুক্ত রয়েছেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, গত মধ্যরাতে ফতুল্লা থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে ৪৮ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হন।
তিনি বলেন, "ধোঁয়ায় আক্রান্তদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসার জন্য আইসিইউতে রাখা হয়েছে। এদের মধ্যে একজনকে বর্তমানে মেকানিক্যাল ভেন্টিলেটরের মাধ্যমে শ্বাস-প্রশ্বাসের সহায়তা দেওয়া হচ্ছে।"
ডা. সুলতান মাহমুদ শিকদার আরও জানান, হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত শিক্ষার্থীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা দিচ্ছেন।