নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি আবাসিক মাদরাসার ছাদে আগুনে দগ্ধ পাঁচ শিশু শিক্ষার্থীর মধ্যে আতিয়া নামের একজন মারা গেছে। আজ মঙ্গলবার সন্ধ্যার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ জানান, গত শনিবার বিকেলে কাশিপুর এলাকার মাহেলা খাতুন বালিকা মাদরাসায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় পাঁচজন শিশু শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
আহতদের মধ্যে জিদনির শরীরে ৮২ শতাংশ, লামিয়ার শরীরে ৫৫ শতাংশ, আতিয়ার শরীরে ৪৫ শতাংশ, সুমাইয়ার শরীরে ১৩ শতাংশ এবং আছিয়ার শরীরে ৭ শতাংশ দগ্ধ ছিল। বর্তমানে লামিয়া ও জিদনি আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
মাদরাসাটির ক্যাশিয়ার মো. ইউসুফ আলী জানান, দগ্ধ শিক্ষার্থীরা আবাসিক ছাত্রী। ধারণা করা হচ্ছে, ছাদের ওপর দিয়ে যাওয়া উচ্চক্ষমতার বিদ্যুতের তারের সংস্পর্শে এসে তারা দগ্ধ হয়েছে।
দগ্ধ শিক্ষার্থীদের মধ্যে ষষ্ঠ শ্রেণির জিদনী (১৪), চতুর্থ শ্রেণির লামিয়া আক্তার শাপলা (১৩), সপ্তম শ্রেণির সুমাইয়া আক্তার (১৩), তৃতীয় শ্রেণির আসিয়া আক্তার আফরোজা (১২) ও চতুর্থ শ্রেণির আতিয়া (১১) অন্তর্ভুক্ত রয়েছে।