শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

নারায়ণগঞ্জে মাদরাসার ছাদে দগ্ধ হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যু

নারায়ণগঞ্জে মাদরাসার ছাদে দগ্ধ হয়ে লামিয়া সহ তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

নারায়ণগঞ্জে মাদরাসার ছাদে দগ্ধ হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লার হাজীপাড়ায় মহিলা মাদরাসার ছাদে খেলতে গিয়ে ইলেকট্রিক ফ্ল্যাশ বার্নের ঘটনায় শিশু শিক্ষার্থী লামিয়া (১৩) মারা গেছেন। বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

লামিয়ার শরীরে ৫৫ শতাংশ দগ্ধ ছিল। এ নিয়ে এ ঘটনায় তিন শিক্ষার্থীর মৃত্যু হলো। এর আগে, জিদনী (১৪) ও আতিয়া (১১) নামে দুই শিক্ষার্থীর মৃত্যু ঘটে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ লামিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বর্তমানে হাসপাতালে অপর দুই শিক্ষার্থী আছিয়া ও সুমাইয়ার শরীরে তুলনামূলক কম দগ্ধ হওয়ায় তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল। তাদের আইসিইউ থেকে ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।

গত ২৬ সেপ্টেম্বর বিকেলে ফতুল্লার কাশিপুর এলাকার মাহেলা খাতুন বালিকা মাদরাসার ছাদে এই দুর্ঘটনাটি ঘটে। মাদরাসাটির ক্যাশিয়ার মো. ইউসুফ আলী জানান, দগ্ধ পাঁচ শিক্ষার্থীই মাদরাসাটির আবাসিক ছাত্রী। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদরাসার ছাদের ওপর দিয়ে যাওয়া উচ্চক্ষমতার বিদ্যুতের তারের সংস্পর্শে এসে তারা দগ্ধ হয়।

ঘটনার পর দগ্ধ শিক্ষার্থীদের উদ্ধার করে চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বর্তমানে দুজন চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন