চুয়াডাঙ্গার দামুড়হুদায় পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবু সিদ্দীক (৭০) গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার (০১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে চুয়াডাঙ্গা সদর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
এর আগে বুধবার রাতে উপজেলার চণ্ডীপুর পূর্বপাড়া গ্রামের একটি মন্দিরের সামনে অভিযান চালিয়ে আবু সিদ্দীককে আটক করা হয়েছিল। থানায় নেওয়ার পথে তার পরিবারের সদস্যসহ কয়েকজন পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন, ফলে আবু সিদ্দীক হাতকড়াসহ পালিয়ে যান।
এই ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হন। চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার জানান, পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় তাৎক্ষণিক অভিযান শুরু করা হয়। আটজনকে গ্রেপ্তারের পর আবু সিদ্দীককেও গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে। পুলিশি নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।