রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের বিপরীত পাশে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছিনতাইকারীর ধাক্কায় চলন্ত ট্রেন থেকে নিচে পড়ে এক যুবকের (৩৫) মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শী ফয়েজ জানান, ঘটনার সময় তিনি রেললাইনের পাশে যাচ্ছিলেন। একটি ভিড় দেখে এগিয়ে গিয়ে দেখেন গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তি মাটিতে পড়ে আছেন। পরে স্থানীয়দের কাছ থেকে জানতে পারেন, ছিনতাইকারীরা ওই যুবকের মালামাল ছিনিয়ে নেওয়ার পর ধস্তাধস্তির একপর্যায়ে তাকে ট্রেনের ছাদ থেকে ফেলে দেয়।
ফয়েজ আরও জানান, স্থানীয়দের সহায়তায় আহত যুবককে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে রাত সাড়ে ৯টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং প্রযুক্তির সহায়তায় নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।