সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা অঞ্চলে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছে এবং ৩০ জন আহত হয়েছে। স্থানীয় সময় বুধবার (১১ নভেম্বর) মধ্যরাতে আমিরাতের প্রবেশপথে ১৮টি গাড়ি ও পাঁচটি ট্রাকের মধ্যে সংঘর্ষ ঘটে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যে জানা যায়, যানজটে আটকে থাকা গাড়িগুলোর ওপর নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক আছড়ে পড়ে। এর পরপরই অন্য একটি ট্রাকসহ বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। সংঘর্ষের ফলে ট্রাকে আগুন ধরে গেলে তা আশপাশের যানবাহনে ছড়িয়ে পড়ে।
আহতদের মধ্যে ১৫ জন চিকিৎসা নেওয়ার পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন, তবে বাকি ১৫ জন এখনও চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের মধ্যে আমিরাতের নাগরিক ছাড়াও পাকিস্তান, ভারতসহ বিভিন্ন দেশের নাগরিক অন্তর্ভুক্ত রয়েছে। তাদের পরিচয় শনাক্তকরণের জন্য ডিএনএ পরীক্ষা চলছে।