জামালপুরের মেলান্দহে একটি ট্রাকের চাপায় ইজিবাইকে থাকা একই পরিবারের তিন সদস্যসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। এ ঘটনায় পুলিশ ট্রাক চালককে আটক করেছে।
শনিবার সকালে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের নয়ানগর ইউনিয়নের বুরুঙ্গা এলাকায় বেপরোয়া গতির একটি ট্রাক ইজিবাইক ও মোটরসাইকেলকে চাপা দেয়। ঘটনাস্থলেই নিহত হন ইজিবাইকের তিন যাত্রী, ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারীর মোরশেদ আলম, তার স্ত্রী ইকরামা এবং আট মাস বয়সী মেয়ে রিফা। একই দুর্ঘটনায় নিহত হন মোটরসাইকেল আরোহী লিখন। স্থানীয়রা দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করা ট্রাক চালককে আটক করে পুলিশে দেয়।
জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, 'নিহতদের পরিবার ও আহতদের সহায়তার ব্যবস্থা করা হবে।'
অন্যদিকে, চট্টগ্রামের সাতকানিয়ায় একটি শিক্ষা সফরের বাস খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। কুমিল্লার বুড়িচংয়ের বাকশীমূল সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার ৫৮ জন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক কক্সবাজার যাচ্ছিলেন। কেরানীহাট এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
এছাড়া, লালমনিরহাটের আদিতমারীতে ট্রাক চাপায় অটোরিকশার যাত্রী মাদ্রাসা ছাত্র হাবিবুর রহমান নিহত হয়েছেন। এ ঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।