খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা একটি বিআরটিসি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার ভোর ৪টার দিকে বাসের ভেতর থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, গাড়ির চালকের সহকারী বাসের ভেতরে ঘুমাচ্ছিলেন। ভোর ৪টার কিছু সময় আগে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশের ধারণা, ভোর রাতে দুবৃর্ত্তরা বাসটিতে আগুন দিয়েছে। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, 'দুবৃর্ত্তরা বাসটিতে আগুন দিয়েছে। এসময় বাসের হেলপার গাড়ির ভেতরে ছিলেন।'
তিনি আরও জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
ফায়ার সার্ভিসের তথ্যমতে, আগুনের কারণে অন্তত ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।