পিরোজপুর সদর হাসপাতালে ভুল চিকিৎসার কারণে লাকী বেগম নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার (৬ নভেম্বর) রাতে ঘটে এই ঘটনা।
মৃত লাকি (৩০) পিরোজপুর সদর উপজেলার নরখালী গ্রামের রিয়াজুল ইসলামের স্ত্রী এবং তার চার মাস বয়সী মেয়ে রোজাসহ তিন সন্তানের জননী। পরিবার জানায়, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বুকে ও পেটে ব্যথা নিয়ে লাকিকে হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে নেওয়ার পর একটি ইনজেকশন দেওয়ার দুই মিনিটের মধ্যে লাকি জ্ঞান হারিয়ে ফেলেন। এ সময় নার্সদের কাছে লাকির অবস্থার অবনতি সম্পর্কে জানানো হলেও তারা জানান, তিনি ঘুমাচ্ছেন। পরিবারের সদস্যরা বারবার নার্সদের লাকিকে পরীক্ষা করার অনুরোধ করলেও তাদের কোন সাড়া পাওয়া যায়নি।
রাত ৮টার পর শিফট পরিবর্তনের সময় দায়িত্বে আসা নার্সরা লাকিকে মৃত অবস্থায় দেখতে পান। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নিজাম উদ্দিন ঘটনাস্থলে গিয়ে জানান, বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হবে।
লাকির চিকিৎসা দেওয়া জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা স্বাগত হালদার বলেন, লাকিকে হাসপাতালে আনার সময় তার শারীরিক অবস্থাও ভালো ছিল না। তিনি ইসিজিসহ কয়েকটি পরীক্ষার পরামর্শ দিয়েছিলেন।
তিনি জানান, ব্যথা কমানোর জন্য প্রাথমিক চিকিৎসার অংশ হিসেবে ব্যথানাশক ইনজেকশনসহ কয়েকটি ওষুধ দেওয়া হয়েছিল। তবে রোগীর শারীরিক অবস্থার সম্পর্কে নিশ্চিত কোনো রোগনির্ণয় করা সম্ভব হয়নি।
লাকির মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে তার আত্মীয়স্বজনরা ছুটে আসেন এবং সেখানে উত্তেজনা সৃষ্টি হয়।