নোয়াখালী শহরে একটি বেসরকারি চক্ষু হাসপাতালে ভুল চিকিৎসায় ১৩ বছর বয়সী মোহাম্মদ মোসলেমের মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনায় সিভিল সার্জন রাতেই হাসপাতালটি বন্ধের নির্দেশ দেন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে খেলাধুলার সময় মোসলেম চোখে আঘাত পায়। স্থানীয় চিকিৎসকের পরামর্শে তাকে ইসলামিয়া চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ রয়েছে, হাসপাতালের চিকিৎসক আবুল হোসেন শিশুটির চোখে তিনটি ইনজেকশন দেন, যার ফলে সে অচেতন হয়ে পড়ে।
শিশুটির পরিবারের অভিযোগ, চিকিৎসক মোসলেমকে সদর হাসপাতালে নেয়ার পরামর্শ দিয়ে সরে যেতে চান। পরে জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আবুল হোসেন বলেন, 'আমি আপার লিডে, লোয়ার লিডে এটা (মেডিসিন) একটু একটু দিলাম। কর্নিয়াটা চেক করব এটা দেখার জন্য। এর পরেই বাচ্চাটার হঠাৎ করেই খিঁচুনি আসছে।'
সিভিল সার্জন আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে হাসপাতালটি বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন এবং বলেন, 'আমরা সবগুলো বিষয় খতিয়ে দেখে একটি সার্বিক তদন্ত করব।'
অভিযুক্ত চিকিৎসক আবুল হোসেন দাবি করেন, তিনি ডিপ্লোমাধারী সিনিয়র অপ্টোমেট্রিস্ট এবং হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক। এর আগে, চিকিৎসার পরিবেশ না থাকার কারণে ২০২৪ সালে হাসপাতালটি বন্ধ করে দেওয়া হয়েছিল।