২০১৫ সালে রংপুরের কাউনিয়ায় সুরেশ্বরী মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় জেএমবির দুই সদস্য মাসুদ রানা ও লিটন মিয়ার মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছেন হাইকোর্ট।
হাইকোর্টের বিচারপতি জাফর আহমেদ ও সাথিকা হোসেনের বেঞ্চ আজ এই রায় দেন। ২০১৮ সালের ১৮ মার্চ রংপুরের আদালত ৭ আসামিকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল, যাদের মধ্যে ৫ জনকে খালাস দেয়া হয়েছে।
২০১৫ সালের ১০ নভেম্বর রাতে রংপুরের কাউনিয়া উপজেলার মধুপুর ইউনিয়নের চৈতার মোড়ের মাজার শরিফের খাদেম রহমত আলীকে গলা কেটে হত্যা করে জেএমবি সদস্যরা। নিহত রহমত আলী তরিকাপন্থি সুরেশ্বরী পীরের অনুসারী ছিলেন এবং তার বাড়িতে দরবার শরিফ ছিল।
এ ঘটনার পর নিহতের ছেলে অ্যাডভোকেট শফিকুল ইসলাম বাদী হয়ে কাউনিয়া থানায় মামলা করেন। এই মামলার চাঞ্চল্যকর প্রকৃতির কারণে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।