লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক বৃদ্ধ ও তার দুই নাতির মৃত্যু হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার শাকচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইব্রাহিম পাটোয়ারী বাড়ির পুকুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন ৭০ বছর বয়সী আবু সিদ্দিক, তার নাতি ৮ বছর বয়সী পিয়াস এবং ৬ বছর বয়সী নাতনি পপি আক্তার। স্থানীয় সূত্রে জানা গেছে, আবু সিদ্দিক তার নাতি-নাতনিকে নিয়ে বাড়ির সামনের পুকুরে গোসল করতে যান। প্রথমে তিনি পানিতে ডুবে যান, পরে নাতি ও নাতনি পানিতে পড়ে যায়।
ঘটনার প্রায় এক ঘণ্টা পর স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করেন। লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এই ঘটনায় পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।