ঢাকার সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার এসআই আলতাব হোসেনকে হত্যা করার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগ অনুযায়ী, নিহতের স্ত্রী বাদী হয়ে সাভার মডেল থানায় এজাহার জমা দেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার মূল হোতা জহিরুল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যান্য জড়িত আসামিদের চিহ্নিত করা হয়েছে। গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।
জানা গেছে, শনিবার রাতে আমিনবাজারের মদিনা হাউজিং এলাকায় রাস্তায় অটোরিকশা রাখা নিয়ে বাগবিতণ্ডার সময় কয়েকজন উচ্ছৃঙ্খল ব্যক্তি গ্যারেজের মালিককে মারধর শুরু করে। এ সময় প্রতিবাদ জানান এসআই আলতাব হোসেন। তার প্রতিবাদে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা তার ওপর চড়াও হয় এবং তাকে পেটাতে শুরু করে।
এসআই আলতাব হোসেনকে উদ্ধার করতে গিয়ে তার ছোট ছেলে আরিফুল ঘটনাস্থলে উপস্থিত হলে তাকেও মারধর করে সন্ত্রাসীরা। আহতদের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আলতাব হোসেনকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সুরতহাল রিপোর্ট তৈরি করা পুলিশ সদস্য জানান, নিহতের কপালে ও বুকে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু ঘটে।