রাজধানীর শনির আখড়া ও দারুস সালাম এলাকায় পৃথক গুলির ঘটনায় দুইজন আহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে শনির আখড়ার জিয়া স্মরণী রোডে আসলাম নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করা হয়।
পুলিশ জানায়, আসলাম খানের কোকারিজের দোকানে বসে থাকা অবস্থায় এক দুর্বৃত্ত দোকানে প্রবেশ করে তাকে লক্ষ্য করে গুলি চালায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শ মোহাম্মাদ ফারুক বলেন, কদমতলী থেকে গুলিবিদ্ধ ব্যবসায়ী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
অন্যদিকে, দারুস সালামে টেলিভিশন দেখার সময় জানালা দিয়ে গুলিবিদ্ধ হন জেসমিন আক্তার নামে এক নারী। শনিবার রাত সাড়ে ৮টার দিকে মাতবরবাড়ি মসজিদ গলি এলাকায় এই ঘটনা ঘটে।
জেসমিনের ছেলে ইয়াসিন জানান, তার মা জানালা খোলা রেখে টেলিভিশন দেখছিলেন। এই সময় অজ্ঞাত দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়, যা তার মায়ের ডান হাতে লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
জেসমিন বেগমের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার উত্তর দাললা গ্রামে। তার স্বামী আব্দুল মান্নান। পুলিশ জানায়, উভয় ঘটনাতেই মামলার প্রস্তুতি চলছে।