রাজধানীর বনানীতে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ পেঁচানো অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার হওয়ার ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। শনিবার রাতে মহাখালি এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় ঢাকা-জামালপুর রুটের একটি বাসও জব্দ করা হয়েছে।
নিহত ব্যক্তির পরিচয় ইসমাইল হোসেন হিসেবে জানা গেছে। তিনি জামালপুর সদরের সোনদিয়া বাজারের বাসিন্দা। পরিবার সূত্রে জানা গেছে, ইসমাইল প্রায় পাঁচ লাখ টাকা নিয়ে তার মেয়ের বিয়ের বাজার করার উদ্দেশ্যে ঢাকায় এসেছিলেন।
পুলিশ জানায়, গত শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে বনানী এলাকায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় শনাক্ত করা হয়।
নিহতের ছেলে মো. হাসান এ ঘটনায় মামলা দায়ের করেছেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, নিহতের শরীরে জখমের চিহ্ন পাওয়া গেছে এবং তার নাক, মাথা ও ডান হাতের কবজি সাদা স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল।
পরিবার জানায়, ইসমাইল ঢাকা থেকে জামালপুর যাওয়ার পথে নিখোঁজ হন। মরদেহ উদ্ধারের পর আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি নিয়ে তৎপর হয়। শনিবার গ্রেপ্তারকৃতদের মধ্যে বাস চালকও রয়েছেন। এ বিষয়ে রোববার সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানানো হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।