রাজধানী ঢাকায় ২৪ ঘণ্টার অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ৫১৮ জনকে গ্রেপ্তার করেছে। এই সময়ের মধ্যে ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।
আজ বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে মিরপুর বিভাগে ১৪৮ জন, তেজগাঁও বিভাগে ৯৩ জন, লালবাগ বিভাগে ৬১ জন এবং অন্যান্য বিভাগে বিভিন্ন সংখ্যক গ্রেপ্তার হয়েছে।
অভিযানের সময় পুলিশ ১১,৭০১ পিস ইয়াবা, ২ কেজি ৮৫০ গ্রাম গাঁজা, ২ গ্রাম হেরোইন, মাদক বিক্রির নগদ ৪,৬৩৬ টাকা, ১টি মোটরসাইকেল ও ৫টি মোবাইল ফোন উদ্ধার করেছে। এছাড়া ১ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।