গাজীপুরের টঙ্গীর মুদাফা এলাকায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে একই পরিবারের তিনজন অগ্নিদগ্ধ হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) সকাল ৬টার দিকে চেরাগ আলী মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধ তিনজন হলেন মো. লালচান (৬০), তার স্ত্রী নাসিমা বেগম (৫০) ও মেয়ে তানিসা আক্তার (১৬)। তাদের সবাইকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে, যেখানে তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানিয়েছেন, লালচানের শরীরের ৯৫ শতাংশ, তানিসার ৮৬ শতাংশ এবং নাসিমার ৮৫ শতাংশ পুড়ে গেছে।
গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, সকালে রান্না করতে গিয়ে গ্যাসের লিকেজ থেকে আগুন ধরে যায়। এ সময় স্বামী-স্ত্রী ও তাদের মেয়ে দগ্ধ হন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।