যশোরে চুরির অপবাদে স্বাধীন নামে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত স্বাধীন মিয়া যশোর শহরের বারান্দীপাড়া মোল্লাপাড়ার বাসিন্দা ছিলেন। স্বজনদের বরাতে জানা যায়, গত শনিবার রাতে মালোপাড়ায় চুরির অপবাদ দিয়ে স্বাধীনকে বেধড়ক মারধর করা হয়, যার ফলে তার মাথায় গুরুতর জখম হয়।
স্থানীয় হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। বর্তমানে স্বাধীন মিয়ার মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে ময়নাতদন্তের জন্য।
নিহতের বাবা অভিযোগ করেন, স্থানীয় শহিদুল, উজ্জ্বলসহ কয়েকজন পরিকল্পিতভাবে স্বাধীনকে হত্যা করেছে। এদিকে, পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।