ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি থেকে ঘাস কাটা নিয়ে বাদানুবাদের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সদরের বড্ডাপাড়ায় এই সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দক্ষিণপাড়ার আলমগীর ঘাস কাটতে গেলে উত্তরপাড়ার ফারুক মিয়ার সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যায় স্থানীয়রা সালিসের জন্য বসেন। কিন্তু সালিস অমান্য করে দুপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
এ ঘটনায় সদর ইউপি চেয়ারম্যান আবদুল জব্বারসহ ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূইয়ার সাথে যোগাযোগ করা হলে তার ফোনে সাড়া পাওয়া যায়নি।