ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে জুয়েল মিয়া (১৯) নামে এক তরুণ নিহত হয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার শান্তিপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত জুয়েল নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষ্যা ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের সেন্টু মিয়ার ছেলে। সংঘর্ষে আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শান্তিপুর গ্রামের আজগর আলী সরকার বাড়ি ও সফু সরকার বাড়ির লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
পুলিশের তথ্য অনুযায়ী, গত ৩০ জুন দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পর সফু সরকারের লোকজন এলাকা ছেড়ে চলে যায়। সোমবার ভোরে সফু সরকারের নাতি মোক্তার হোসেনের নেতৃত্বে নরসিংদী থেকে লোকজন এনে প্রতিপক্ষের ওপর হামলা চালানোর অভিযোগ রয়েছে।
সংঘর্ষ শুরু হলে কয়েকজন গুলিবিদ্ধ হন। আহতদের উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন। আহত অন্যরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে, ঘটনাস্থল থেকে পুলিশ পাঁচ রাউন্ড গুলি, পাঁচটি ককটেল ও একটি দেশীয় তৈরি বন্দুক উদ্ধার করেছে। ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।