সুন্দরবনে আবারও বনদস্যু বাহিনীর দৌরাত্ম্য বেড়ে গেছে। গত দুই দিনে পূর্ব সুন্দরবনের বিভিন্ন স্থানে অতর্কিত হামলা চালিয়ে অন্তত ২১ জন জেলেকে অপহরণ করেছে সশস্ত্র বনদস্যুরা।
স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি অস্ত্রসহ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণ করা সাবেক দস্যুরা পুনরায় পুরানো পেশায় ফিরে গিয়ে এসব অপহরণের ঘটনা ঘটাচ্ছে। কোস্ট গার্ড সুন্দরবনে জোরদার তল্লাশি অভিযান শুরু করলেও এখনো পর্যন্ত কোনো জেলেকে উদ্ধার করতে পারেনি।
গত শনিবার দিবাগত রাতে সুন্দরবন পূর্ব বিভাগের সাগরসংলগ্ন ভাঙ্গা, আমবাড়ীয়া, নারিকেলবাড়ীয়া এবং ঝাপসি এলাকার ভদ্রা নদী থেকে ১৫ জেলেকে অপহরণ করা হয়। এর আগে একই সময়ে সুন্দরবনের অন্য স্থান থেকে আরও ছয় জেলেকে ট্রলারযোগে তুলে নিয়ে যাওয়া হয়। অপহৃত ২১ জনের মধ্যে ১২ জনের পরিচয় নিশ্চিত হয়েছে।
অপহৃত জেলেরা হলেন খুলনার আরিফ, সগীর, মিঠু, ফেরদাউস এবং বরগুনার ইব্রাহিম, ইমরান, মোস্তাফিজুর, আলামিন, হানিফ, মারুফ, এবং মোংলার মাসুদ ও ইমদাদুল। তারা সবাই বৈধ অনুমতিপত্র নিয়ে মাছ ধরছিলেন।
স্থানীয় জেলে ও মহাজনদের দাবি, এই অপহরণের সঙ্গে বিভিন্ন দস্যু বাহিনী জড়িত। নাম প্রকাশে অনিচ্ছুক বনজীবিরা জানান, আত্মসমর্পণ করা অনেকেই গোপনে আবারও দস্যুতায় সক্রিয় হচ্ছে।
দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মিল্টন রায় জানান, অজ্ঞাতপরিচয় দস্যুরা জেলেবহরে হামলা চালিয়ে ১৫ জনকে অপহরণ করেছে। বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী জানান, অপহৃত জেলেদের উদ্ধারে আইন প্রয়োগকারী সংস্থাকে কার্যকর ব্যবস্থা নিতে বলা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন জানান, ২১ জেলে অপহরণের খবর পাওয়ার পর কোস্ট গার্ডের দুটি দল সংশ্লিষ্ট এলাকায় তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে।
উপকূলীয় মৎস্যজীবীরা অপহৃত জেলেদের দ্রুত উদ্ধার এবং সুন্দরবনকে পুনরায় দস্যুমুক্ত করার জন্য কঠোর যৌথ অভিযানের দাবি জানিয়েছেন।