সুন্দরবনের দুবলার চর এলাকায় পর্যটকবাহী বোট থেকে নেমে ভেসে গিয়ে নিখোঁজ হওয়া রিয়াজ আহমেদের (২৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার রাত ১০টার দিকে আলোরকোল সি বিচ এলাকা থেকে বন বিভাগ ও কোস্ট গার্ডের সদস্যরা তাঁর মরদেহ উদ্ধার করেন।
রিয়াজ আহমেদ ময়মনসিংহ জেলার ভালুকা কাঠালী পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক দ্বীপন চন্দ্র দাস জানান, স্থানীয় জেলেরা মরদেহটি ভাসমান অবস্থায় দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেন।
বন বিভাগ ও কোস্ট গার্ডের সদস্যরা যৌথভাবে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে কিনারায় নিয়ে আসেন। ৫ নভেম্বর 'মিজানুর রহমান ইকো ট্যুরিজম-২' বোটটি ১৯ জন পর্যটক নিয়ে সুন্দরবনে ভ্রমণে যায়।
শুক্রবার দুপুর ১টার দিকে দুবলার চর এলাকায় বোটটি আটকে গেলে পর্যটকরা নামার চেষ্টা করেন। এ সময় ঢেউয়ের তোড়ে চারজন ভেসে যান। তিনজনকে উদ্ধার করা সম্ভব হলেও রিয়াজ আহমেদ নিখোঁজ হন। ঘটনার পর থেকে বন বিভাগ ও কোস্ট গার্ডের যৌথ দল তাঁকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছিল।