সুন্দরবন ভ্রমণে গিয়ে বঙ্গোপসাগরের দুবলার চর এলাকায় ঢেউয়ের তোড়ে এক পর্যটক ভেসে গেছেন। শুক্রবার দুপুর ১টার দিকে নিখোঁজ হন রিয়াজ আহমেদ (২৭), যিনি ময়মনসিংহের ভালুকা উপজেলার বাসিন্দা।
ঘটনার পর থেকে বন বিভাগ ও কোস্ট গার্ড যৌথভাবে তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে। বন বিভাগ সূত্রে জানা গেছে, সুন্দরবন পশ্চিম বন বিভাগ থেকে তিন দিনের অনুমতি নিয়ে সাতক্ষীরা রেঞ্জের কদমতলা ফরেস্ট স্টেশনে রাজস্ব দেন রিয়াজ আহমেদ ও তার সঙ্গীরা।
‘মিজানুর রহমান ইকো ট্যুরিজম-২’ নামের পর্যটকবাহী বোটটি গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) সুন্দরবন ভ্রমণে যাত্রা করে। ওই বোটে নরসিংদীর ৯ জন, ময়মনসিংহের ৯ জন এবং গাজীপুরের ১ জনসহ মোট ১৯ জন পর্যটক ছিলেন।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলাম জানান, সুন্দরবনের দুবলার চর এলাকায় নতুন জেগে ওঠা একটি চরে বোটটি আটকে যায়। শুক্রবার দুপুর ১টার দিকে অতি উৎসাহী হয়ে বোটে থাকা পর্যটকদের কেউ কেউ বোটটি ছাড়ানোর জন্য নিচে নেমে ধাক্কাধাক্কি করেন।
চেষ্টা ব্যর্থ হলে অনেকেই ওপরে উঠে আসার সময় হঠাৎ ঢেউ এসে চারজনকে ভাসিয়ে নিয়ে যায়। এ সময় তিনজনকে উদ্ধার করতে সক্ষম হলেও রিয়াজ আহমেদ পানির স্রোতে ভেসে যান।
শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শরীফুল ইসলাম জানান, পর্যটকরা সাতক্ষীরা রেঞ্জের মাধ্যমে সুন্দরবনে প্রবেশ করেছিলেন। ঘটনার পর থেকেই দুবলার চর ও আলোরকোল এলাকায় বন বিভাগের মাঠকর্মী এবং কোস্ট গার্ডের সদস্যরা যৌথভাবে নিখোঁজ পর্যটককে উদ্ধারে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন।
কোস্ট গার্ড পশ্চিম জোনের সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট আবুল কাশেম জানিয়েছেন, শুক্রবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ পর্যটককে উদ্ধারে তাদের অভিযান অব্যাহত রয়েছে।