বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে একটি পণ্যবাহী জাহাজ ডুবির ঘটনায় ২৪ জন নিখোঁজ রয়েছেন। শনিবার (২২ আগস্ট) পানামার পতাকাবাহী কার্গো জাহাজ এমভি ওশান-উইনার প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে ডুবে যায়।
জাহাজটিতে ২৪ জন নাবিক ছিলেন, যার মধ্যে ২০ জন চীনের, ৩ জন মিয়ানমারের এবং ১ জন বাংলাদেশের নাগরিক। রোববার সকাল ১১টা ৪৮ মিনিটে শ্রী বিজয়পুরমের মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পায়।
জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান ভিক্টরি স্টার গ্রুপ কোম্পানি লিমিটেড উদ্ধার অভিযানে সহায়তার জন্য সতর্কবার্তা পাঠিয়েছে। এরপর ভারতীয় কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে।
উদ্ধার অভিযানে অংশ নিতে কোস্ট গার্ডের ‘ভারদ’ ও ‘আনমোল’ নামে দুটি জাহাজ পাঠানো হয়েছে। শ্রী বিজয়পুরম থেকে ‘ভিজিত’ নামে আরও একটি জাহাজ উদ্ধার অভিযানে মোতায়েন করা হয়েছে।
এখন পর্যন্ত একটি লাইফ র্যাফট থেকে দুইজনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। পিটিআইকে এক জ্যেষ্ঠ আইপিএস কর্মকর্তা জানান, দুর্ঘটনাস্থলের আশপাশে থাকা অন্যান্য জাহাজগুলোকেও সতর্ক করা হয়েছে।