ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝঝিয়া অঞ্চলের একটি গ্রামে রাশিয়ার বিমান হামলায় ২৬ জন নিহত হয়েছেন। সোমবার (২ নভেম্বর) একটি স্কুলে এ হামলা চালানো হয়, যা মানবিক সহায়তা বিতরণের কাজে ব্যবহৃত হচ্ছিল।
ইউক্রেনের জরুরি পরিষেবা বিভাগ জানায়, নিহতদের মধ্যে দুজন উদ্ধারকর্মী ও ৪ জন পুলিশ সদস্য রয়েছেন। হামলায় আহত ৫ জন হাসপাতালে চিকিৎসাধীন, তাদের মধ্যে দুজন উদ্ধারকর্মী।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, প্রতি সোমবার ওই স্কুলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে মানবিক সহায়তা বিতরণ করা হতো। হামলার সময়ও সেখানে মানুষ সহায়তা নিতে এসেছিলেন।
তিনি বলেন, প্রথমে স্কুলটিতে কয়েকটি বোমা ফেলা হয় এবং পরে আশ্রয়কেন্দ্র লক্ষ্য করে দ্বিতীয় দফায় হামলা চালানো হয়। জেলেনস্কি এ হামলার নিন্দা জানিয়ে বলেন, রাশিয়া শান্তির পরিবর্তে মানুষ হত্যা করছে।
জাপোরিঝঝিয়া সিটি কাউন্সিলের কর্মকর্তা রেজিনা খারচেঙ্কো জানান, হামলার পর ২৭ জন নিখোঁজ রয়েছেন। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছেন।
হামলার পর ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় রাশিয়ার অংশগ্রহণ বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন।