সরকার গ্রাম পুলিশের বেতন, আনুতোষিক ভাতা এবং যাতায়াত ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছে। আজ শনিবার রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশ মহাসমাবেশে এই ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার গ্রাম পুলিশের বেতন–ভাতার পাশাপাশি আরও কিছু সুবিধা দিয়েছে। গ্রাম পুলিশের বর্তমান মাসিক বেতন সাড়ে ৭ হাজার টাকা ছিল, যা বাড়িয়ে সাড়ে ১০ হাজার টাকা করা হয়েছে। গ্রাম পুলিশ প্রধানের বেতন ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১১ হাজার টাকা করা হয়েছে।’
তিনি আরও জানান, ‘মাসিক বেতন বাড়ানোর পাশাপাশি অবসরকালীন আনুতোষিক ভাতা ৭০ হাজার থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা করা হয়েছে। গ্রাম পুলিশ প্রধানের আনুতোষিক ভাতা ৮০ হাজার থেকে ১ লাখ টাকা করা হয়েছে।’
তথ্য আদান প্রদানের জন্য গ্রাম পুলিশকে মোবাইল ফোন ব্যবহার করতে হয়, এজন্য সরকার প্রতিজন গ্রাম পুলিশ সদস্যকে মোবাইল ফোনের খরচের জন্য মাসিক ১৫০ টাকা প্রদান করবে।
তিনি বলেন, ‘গ্রাম পুলিশকে স্থানীয় থানায় আসা–যাওয়া করতে হয়। প্রতি সপ্তাহে থানায় হাজির হওয়ার জন্য বর্তমানে গ্রাম পুলিশ ৩০০ টাকা পেয়ে থাকেন, যা বাড়িয়ে ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। স্থানীয় পুলিশ প্রধানের এই ভাতা ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে।’