শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

রাষ্ট্রপতির আহ্বান: মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়া জরুরি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন।

রাষ্ট্রপতির আহ্বান: মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়া জরুরি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং ৭ই নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে দুর্নীতি, বৈষম্য ও সকল ষড়যন্ত্রের অবসান ঘটাতে হবে।

৭ নভেম্বর ‘মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে শুক্রবার দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এই আহ্বান জানান। তিনি জানান, ৭ নভেম্বরের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে। জাতীয় স্বার্থ, সাম্য, ন্যায্যতা ও গণতন্ত্রচর্চা পাবে সর্বোচ্চ অগ্রাধিকার।

রাষ্ট্রপতি দেশের সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লবে অংশগ্রহণকারী সকল বীর সেনানী ও দেশপ্রেমিক জনতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

বাণীতে তিনি বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর আমাদের জাতীয় জীবনে একটি অবিস্মরণীয় দিন, দেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। সেই সময়ে ঐক্যবদ্ধ সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশ তার স্বাধীনতা ও সার্বভৌমত্ব ফিরে পায়।

রাষ্ট্রপতি আরও উল্লেখ করেন, সিপাহি ও জনতার এই সংহতি ছিল স্বাধীনতার চেতনায় উজ্জীবিত এক অভূতপূর্ব জাগরণ। তিনি বলেন, আমাদের সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় সর্বদা সংহতি ও ঐক্য প্রকাশ করেছে।

তিনি বলেন, জাতীয় স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র হয়েছে, গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছে। তবে সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি নির্বাচিত সরকারের নেতৃত্বে দেশ আবার গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে।

রাষ্ট্রপতি জানান, এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানসহ রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে আরো শক্তিশালী করা অপরিহার্য।

বিজ্ঞাপন