টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে নিহত সেনাসদস্য মো. তিতাস শেখের ফরিদপুরের নিজ গ্রামে দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে তার মরদেহ নগরকান্দার লস্করদিয়া গ্রামে পৌঁছায়।
এসময় শোকে ভারী হয়ে ওঠে পরিবেশ। সেনাবাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। কক্সবাজারের রামু ক্যান্টনমেন্টে প্রথম জানাজার পর, সেনাবাহিনীর তত্ত্বাবধানে হেলিকপ্টারে করে ফরিদপুরে নিয়ে আসা হয় তিতাস শেখের মরদেহ।
পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। প্রিয়জনকে একনজর দেখতে ছুটে আসেন স্বজন ও পাড়া-প্রতিবেশীরা। সবার চোখেমুখে বিষাদের ছায়া দেখা যায়। তিতাসের মৃত্যুতে নগরকান্দার লস্করদিয়া গ্রামে শোক ছড়িয়ে পড়ে।
বিকেলে লস্করদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে তিতাস শেখের দ্বিতীয় দফা জানাজা অনুষ্ঠিত হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে, পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তিতাসকে।
অবসরপ্রাপ্ত সেনা সদস্য আফজাল শেখের দ্বিতীয় সন্তান তিতাস। ২০১৭ সালে চাকরিতে যোগদান করেন তিনি। তার ছোট ভাই আকরাম শেখও সেনা সদস্য। বৃহস্পতিবার বিকেলে, টেকনাফের নীলা ইউনিয়নে যৌথবাহিনী অভিযান চালালে মানবপাচার চক্রের সদস্যরা এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। পাল্টা জবাব দেয় যৌথবাহিনীও। এক পর্যায়ে গুলিবিদ্ধ হন তিতাস শেখ এবং চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।