কোস্টগার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তন করা হয়েছে, যা বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-৩ শাখার সিনিয়র সহকারী সচিব মাসফিকা হোসেনের সই করা এক প্রজ্ঞাপনে জানানো হয়।
নতুন নামকরণের ফলে বাদ দেওয়া হয়েছে জাতীয় চার নেতার নাম। বিসিজিএস জয় বাংলার নতুন নাম রাখা হয়েছে বিসিজিএস অদম্য বাংলা।
অন্যদিকে, বিসিজিএস সৈয়দ নজরুলের নাম পরিবর্তন করে রাখা হয়েছে বিসিজিএস ফিরোজ কবীর, বিসিজিএস তাজউদ্দীনের নাম পরিবর্তন করে বিসিজিএস নুরুল ইসলাম, বিসিজিএস মনসুর আলীর নাম পরিবর্তন করে রাখা হয়েছে বিসিজিএস এম হুমায়ুন কবীর এবং বিসিজিএস কামরুজ্জামানের নতুন নাম রাখা হয়েছে বিসিজিএস আশরাফ সিদ্দিকী।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জাহাজগুলোর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নাম অবিলম্বে কার্যকর হবে।