শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

মালয়েশিয়াগামী শ্রমিকদের জন্য ৫১ মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ

মালয়েশিয়াগামী শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষার জন্য ৫১টি মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ করেছে এফডব্লিউসিএমএস।

মালয়েশিয়াগামী শ্রমিকদের জন্য ৫১ মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ

মালয়েশিয়াগামী শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষার জন্য ৫১টি মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ করেছে মালয়েশিয়ার বিদেশি শ্রমিক নিয়োগের কেন্দ্রীয় পদ্ধতি এফডব্লিউসিএমএস।

মালয়েশিয়ার ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম অনুযায়ী, সম্ভাব্য কর্মীদের ইলেকট্রনিক ভিসা উইথ রেফারেন্স আবেদন করার আগে বাধ্যতামূলকভাবে মেডিকেল পরীক্ষা করাতে হবে।

এখন এই ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে দ্রুত মেডিকেল অনুমোদন এবং প্রক্রিয়াগত বাধা দূর করার চেষ্টা চলছে। সরকার মালয়েশিয়াগামী কর্মীদের জন্য মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ করেছে এবং মেডিকেল সেন্টারগুলোকে অতিরিক্ত ফি আদায় বা চাকরিপ্রার্থীদের হয়রানি না করার বিষয়ে সতর্ক করা হয়েছে।

মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, সরকারিভাবে শূন্য খরচে মালয়েশিয়ায় কর্মী বহনকারী প্রথম দুই-তিনটি ফ্লাইট ডিসেম্বরে শুরু হবে।

তিনি বলেন, বেসরকারি নিয়োগের ক্ষেত্রে অভিবাসন খরচ আড়াই থেকে ৩ লাখ টাকার মধ্যে রাখার জন্য রিক্রুটিং এজেন্সিগুলোকে অনুরোধ করা হয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর জানান, নিয়োগ খরচ এখনো চূড়ান্ত হয়নি এবং সিদ্ধান্ত নেওয়ার আগে রিক্রুটিং এজেন্সিগুলোর সঙ্গে আরও আলোচনা হবে।

নতুন নিয়োগ ব্যবস্থার অধীনে, মালয়েশিয়া ২৫টি প্রধান রিক্রুটিং এজেন্সি এবং ৩১২টি সহযোগী এজেন্সি নির্বাচন করেছে। অনিয়ম এবং অতিরিক্ত অভিবাসন খরচের অভিযোগের পর মালয়েশিয়া বাংলাদেশি কর্মী নিয়োগ স্থগিত করেছিল। সরকার এখন নিয়োগ খরচ নিয়ে উদ্বেগ দূর করে বাজারটি পুনরায় চালু করতে চাচ্ছে।

বিজ্ঞাপন