৫ নভেম্বর, ঢাকায় অনুষ্ঠিত ‘প্রাইভেসি অ্যাভেঞ্জার্স ২০২৬’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে থট পুলিশ। প্রথম রানারআপ হয়েছে এজেন্টওয়ান এবং দ্বিতীয় রানারআপ সেড পিপল। মোবাইল অপারেটর রবি আজিয়াটা পিএলসি সেরা ১০টি দলকে মোট পাঁচ লাখ টাকার পুরস্কার প্রদান করেছে।
এই প্রতিযোগিতার আয়োজন করা হয় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা বা ডেটা প্রাইভেসি সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে। প্রতিযোগিতার বিভিন্ন ধাপ শেষে ২০টি দলকে ‘প্রাইভেসি ডিফেন্ডার’ হিসেবে নির্বাচিত করা হয়, যাদের মধ্যে সেরা ১০টি দল চূড়ান্ত পর্বে অংশ নেয়।
চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী অন্যান্য দলগুলো হলো সিভ ভোডার্স, সিইউ-ইটি-ই এনক্রিপটেড ওয়েভস, এইজাকমি, টিম সাদ্দু, টিম ব্ল্যাক কফি, দ্য সাইফার গার্লস ও প্রজেক্ট রেড স্কাই।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞা বলেন, ‘তরুণদের উচিত প্রযুক্তির ব্যবহারকারী হয়ে না থেকে নিজেদের উদ্ভাবনী চিন্তার মাধ্যমে ডিজিটাল নিরাপত্তার নতুন সমাধান তৈরি করা।’
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শাহজাদ পারভেজ মহিউদ্দিন বলেন, ‘এ ধরনের উদ্যোগ তরুণদের ডেটা প্রাইভেসি ও সাইবার নিরাপত্তা নিয়ে নতুন সমাধান তৈরিতে উৎসাহিত করছে।’
রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা জানান, ‘গ্রাহকের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করা ডিজিটাল আস্থা ও টেকসই প্রবৃদ্ধির অন্যতম ভিত্তি। তরুণদের তথ্য সুরক্ষা ও সাইবার নিরাপত্তায় উদ্ভাবনী সমাধান তৈরিতে উৎসাহিত করা হচ্ছে।’
প্রতিযোগিতার পাশাপাশি রবির ‘প্রাইভেসি ফার্স্ট’ উদ্যোগের আওতায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে, যার মধ্যে রয়েছে আলোচনা, কুইজ ও প্রশিক্ষণ।