প্রাণ-আরএফএল প্রেজেন্টস প্রিজম এআই ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডস ২০২৬-এর চূড়ান্ত বিচারকাজে অংশ নিয়েছেন চলচ্চিত্র, বিজ্ঞাপন, ব্র্যান্ডিং, ফ্যাশন, সংগীত, বিপণন ও সৃজনশীল যোগাযোগশিল্পের বিশিষ্ট ব্যক্তিরা। সম্প্রতি দ্য ডেইলি স্টার সম্মেলনকক্ষে এ বিচারকাজ অনুষ্ঠিত হয়।
স্পাইকস্টোরি লিমিটেড আয়োজিত এ প্রতিযোগিতার প্রতিপাদ্য ‘হিউম্যান ক্রিয়েটিভিটি। এআই পসিবিলিটিজ।’ মানুষের সৃজনশীল চিন্তা, কল্পনা ও কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ে নতুন ধরনের সৃজনশীল কাজকে উৎসাহিত করা এবং দেশে এআইভিত্তিক সৃজনশীল শিল্পের বিকাশে ভূমিকা রাখাই এ আয়োজনের লক্ষ্য।
চূড়ান্ত বিচারকমণ্ডলীতে রয়েছেন অমিতাভ রেজা চৌধুরী, তানজিলা বাহার চৌধুরী, হাসিব হাসান চৌধুরী, কিংকর আহসান, সাজিদ মাহবুব, হাসিবুল হোসেন উপল, আহমেদ তুহিন রেজা ও ইসমামুল ফারহাদ। বিভিন্ন শিল্পের অভিজ্ঞ পেশাজীবীরা বিচারকের দায়িত্ব পালন করছেন।
বিচারকরা কাজের মৌলিকত্ব, কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর ব্যবহার, গল্প বলার ধরন, নান্দনিকতা ও সামগ্রিক প্রভাব বিবেচনায় নিয়ে চূড়ান্ত পর্যায়ের কাজগুলো মূল্যায়ন করছেন। এআই প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি সৃজনশীলতার গুরুত্বও তুলে ধরা হচ্ছে।
এবারের প্রতিযোগিতায় চারটি বিভাগে কাজ মূল্যায়ন করা হচ্ছে: এআই বিজ্ঞাপন, এআই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, এআই মিউজিক ভিডিও ও এআই ফ্যাশন। এসব বিভাগে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং এর মাধ্যমে সৃষ্ট নতুন সম্ভাবনা তুলে ধরা হচ্ছে।
প্রিজম এআই ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডস ২০২৬-এর মাধ্যমে নতুন প্রজন্মের নির্মাতাদের উদ্ভাবন ও নিজস্ব সৃজনশীল ভাষা বিকাশে উৎসাহিত করা হবে। আয়োজক প্রতিষ্ঠান স্পাইকস্টোরি লিমিটেড নতুন নির্মাতাদের সঙ্গে শিল্পের অভিজ্ঞ পেশাজীবীদের যোগাযোগ তৈরি ও দেশের এআইভিত্তিক সৃজনশীল কাজকে বৃহত্তর পরিসরে তুলে ধরার সুযোগ তৈরির লক্ষ্যে কাজ করছে।
প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পর্কে পরবর্তী ঘোষণা আয়োজকদের আনুষ্ঠানিক যোগাযোগমাধ্যমে জানানো হবে।