বাংলাদেশের ফ্যাশন ও লাইফস্টাইল খাতে নতুন সম্ভাবনা তৈরিতে হাল ফ্যাশন এবং এনেক্স কমিউনিকেশন্স লিমিটেড কৌশলগত অংশীদারত্বে যুক্ত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
এই অংশীদারিত্বের মাধ্যমে প্রতিষ্ঠান দুটি দেশের ফ্যাশন ও সাংস্কৃতিক ঐতিহ্যকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার পরিকল্পনা করছে। তারা দেশজুড়ে কার্যক্রম ও কনটেন্টের পরিসর বাড়ানোর লক্ষ্যে কাজ করবে।
চুক্তির আওতায় আন্তর্জাতিক মানের ফ্যাশন শো, বড় পরিসরের অনুষ্ঠান, রিয়েলিটি শো, বিষয়ভিত্তিক পডকাস্ট, বিশেষ অনুষ্ঠান, ডিজিটাল কনটেন্ট ও ম্যাগাজিন প্রকাশনার মতো বিভিন্ন উদ্যোগে যৌথভাবে কাজ করা হবে।
এই উদ্যোগের মধ্যে খাদ্য ও পুষ্টি, স্বাস্থ্য ও সুস্থতা, ত্বকের যত্ন, ব্যক্তিগত পরিচর্যা, গৃহসজ্জা, পোষা প্রাণী এবং জলবায়ু ও গাছপালা পরিচর্যার মতো বিষয়গুলোও অন্তর্ভুক্ত থাকবে।
তরুণদের সৃজনশীল অংশগ্রহণ এবং সামাজিক ও সাংস্কৃতিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হবে। এনেক্স কমিউনিকেশন্স লিমিটেডের পরিচালক শরীফ সাব্বির এবং হাল ফ্যাশনের পরামর্শক এস কে সাইফুর রহমান চুক্তিতে স্বাক্ষর করেন।