ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে অতি প্রবল ঘূর্ণিঝড় অর্ণব আঘাত হেনেছে। আজ বুধবার ভোরে এই ঘূর্ণিঝড়ের স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া শুরু হয়। ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) জানিয়েছে, ঘূর্ণিঝড়টির প্রভাব কয়েক ঘণ্টা অব্যাহত থাকতে পারে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ঘূর্ণিঝড়ের প্রভাবে বাতাসের গতি ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছেছে। দমকা হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৪০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। আবহাওয়া দপ্তর সতর্ক করেছে যে, স্বাভাবিক জোয়ারের চেয়ে এক থেকে দেড় মিটার উঁচু জলোচ্ছ্বাসে অন্ধ্রপ্রদেশের নিচু এলাকা প্লাবিত হতে পারে।
এই পরিস্থিতিতে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা থেকে প্রায় দুই লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে বুধবার বিশাখাপত্তনম ও বিজয়ওয়াড়াগামী কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে এবং বিভিন্ন এলাকায় গাছ উপড়ে পড়েছে।
এছাড়া, প্রদেশটির স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং কয়েকটি ট্রেন পরিষেবা বাতিল করা হয়েছে। কর্মকর্তাদের আশঙ্কা, ঘূর্ণিঝড়ের প্রভাবে বুধ ও বৃহস্পতিবার ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে।