মস্কোতে ‘গ্যাস রফতানিকারক দেশগুলোর ফোরাম’-এর শীর্ষ সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মন্তব্য করেছেন যে, মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেদের আঞ্চলিক সমস্যা সমাধানে সক্ষম এবং যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই এটি সম্ভব।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে এক সাইডলাইন বৈঠকে তিনি এই কথা বলেন। পেজেশকিয়ান জানান, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একতরফা পদক্ষেপের কারণে মার্কিন নিষেধাজ্ঞায় থাকা দেশগুলোর মধ্যে বহুপাক্ষিকতা ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করার সুযোগ তৈরি হয়েছে।
তিনি বলেন, “মার্কিন নিষেধাজ্ঞাভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” পেজেশকিয়ান ইরান ও রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বিস্তার নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
অন্যদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন যে, দ্রুতই এই সংঘাতময় পরিস্থিতির অবসান ঘটবে এবং পরিস্থিতি ইতিবাচক দিকে মোড় নেবে।
দুই প্রেসিডেন্ট সংস্কৃতি, নিরাপত্তা ও সামরিক খাতে সহযোগিতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন।