ইরানকে ঘিরে সংঘাতের কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে রাজনৈতিক ও কৌশলগত চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে। বিশ্লেষকদের মতে, এই যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত ট্রাম্পের প্রেসিডেন্সির অন্যতম বড় ভুল হতে পারে। তবে তিনি এখন পর্যন্ত একটি বড় ঝুঁকি এড়াতে পেরেছেন, সংঘাতকে এমন পর্যায়ে নিয়ে যাননি যা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
এদিকে, ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা বারবার ব্যর্থ হওয়ায় ট্রাম্প কঠিন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন। সিএনএনের এক বিশ্লেষণে বলা হয়েছে, ট্রাম্পের সামনে তিনটি সম্ভাব্য পথ খোলা রয়েছে। প্রথমত, সীমিত বিমান হামলা, নৌ অবরোধ এবং চলমান যুদ্ধবিরতির কৌশল অব্যাহত রাখা। দ্বিতীয়ত, সামরিক অভিযানকে আরও বিস্তৃত করে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করা এবং প্রয়োজনে সীমিত আকারে স্থল অভিযান পরিচালনা করা। তৃতীয় বিকল্প হলো, লক্ষ্য অর্জন না করেই ধীরে ধীরে সংঘাত থেকে সরে আসা।
বিশ্লেষকরা জানান, এই তিনটি পথের কোনোটিই ট্রাম্পের জন্য সহজ নয়, কারণ প্রতিটি পথেই রাজনৈতিক ঝুঁকি জড়িত। সম্প্রতি ট্রাম্প অভিযোগ করেছেন, ইরানের নেতৃত্ব বিশ্বাসযোগ্য নয় এবং তারা আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে না। তিনি তেহরানের জন্য এই আলোচনা শেষ সুযোগ বলে মন্তব্য করেন।
এখন প্রশ্ন উঠছে, ইরান এই সতর্কবার্তাও উপেক্ষা করলে যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ কী হবে? বিশ্লেষকদের শঙ্কা, সংঘাত আরও বাড়লে উপসাগরীয় অঞ্চলে গুরুত্বপূর্ণ জ্বালানি ও অবকাঠামোকে লক্ষ্যবস্তু করতে পারে ইরান, যা হরমুজে সামরিক উত্তেজনা বাড়াতে পারে।
ইতিহাস দেখায়, বিমান হামলা থেকে স্থলযুদ্ধে রূপ নেওয়া সংঘাতের মূল্য অনেক বেশি। ভিয়েতনাম, ইরাক ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের দীর্ঘ সামরিক অভিযানের অভিজ্ঞতা দেখিয়েছে, যুদ্ধ যত দীর্ঘ হয়, প্রাণহানি, রাজনৈতিক চাপ ও অর্থনৈতিক ব্যয়ও তত বাড়ে। বিশ্লেষকদের মতে, ইরান সংকট নিয়ে ট্রাম্পের পরবর্তী সিদ্ধান্ত শুধু মার্কিন পররাষ্ট্রনীতিই নয়, বরং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎকেও নির্ধারণ করবে।