পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের একটি মসজিদে বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন বেসামরিক নাগরিক এবং পাঁচজন পুলিশ সদস্য রয়েছেন।
পুলিশের তথ্য অনুযায়ী, জুমার নামাজের সময় মুসল্লিরা মসজিদের গেটে জড়ো হলে বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে হামলা চালানো হয়। হামলায় অন্তত ৫০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। কর্তৃপক্ষের আশঙ্কা, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
হামলার পর ঘটনাস্থলে পুলিশের সঙ্গে হামলাকারীদের গোলাগুলি শুরু হয়। সংঘর্ষে এক হামলাকারী নিহত হয়েছে বলে জানা গেছে। তবে কতজন হামলাকারী ছিল, তা এখনো নিশ্চিত নয়।
এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে আফগান সীমান্তবর্তী এ অঞ্চলে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সক্রিয় রয়েছে, যা অতীতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও ধর্মীয় স্থাপনায় হামলা চালানোর জন্য পরিচিত।