পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কোহাট শহরে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের সময় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ পুলিশ সদস্যও রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, হামলাকারী একটি বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে নিরাপত্তা বাহিনীর একটি দফতরে সজোরে ধাক্কা দেয়। হামলার সময় দফতরের ভেতরে মসজিদে বহু মানুষ জুমার নামাজ আদায় করছিলেন।
বিস্ফোরণের পর হামলাকারীর গাড়িতে থাকা আরেক হামলাকারী বন্দুক নিয়ে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান এবং হতাহতদের উদ্ধার অভিযানে অংশ নেন।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অনেকে। বর্তমানে আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।