ইয়েমেনের রাজধানী সানায় জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে খাদ্য ও যাতায়াত খরচে চাপ বেড়েছে। ২৮ বছর বয়সী ট্যাক্সি চালক আহমেদ ইয়াহইয়া জানান, তিনি সকালে ১০ লিটার পেট্রোল লোড করেছেন।
সানার উপকণ্ঠের একটি পেট্রোল স্টেশনে দাঁড়িয়ে ইয়াহইয়া বলেন, 'আমি আগে আমার ট্যাক্সিকে জ্বালানি খাওয়াই, যাতে সেটি আমার পরিবারকে খাওয়াতে পারে।' এই মন্তব্যটি তার জীবনের কঠিন বাস্তবতা প্রতিফলিত করে।
চলতি সপ্তাহের শুরুতে ১০ লিটার পেট্রোলের জন্য ইয়াহইয়া ৪ হাজার ৭৫০ ইয়েমেনি রিয়াল পরিশোধ করতেন, যা প্রায় ৮ দশমিক ৯০ মার্কিন ডলারের সমান। তবে সোমবার হুতিরা পেট্রোলের দাম ১০ শতাংশ বাড়ানোর ঘোষণা দেয়, নতুন দাম হয়েছে ৫ হাজার ২৫০ ইয়েমেনি রিয়াল বা ৯ দশমিক ৮০ ডলার।
এই মূল্যবৃদ্ধি ইয়েমেনের দীর্ঘদিনের অর্থনৈতিক সংকটকে আরও বাড়িয়ে দিয়েছে। ইয়াহইয়া বলেন, 'এটি বিপর্যস্ত মানুষের জন্য আরেকটি বেদনাদায়ক ধাক্কা।' গৃহযুদ্ধ ও মানবিক সংকটে থাকা ইয়েমেনিদের জন্য এই পরিস্থিতি আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে।
জ্বালানির দাম বাড়ানোর ফলে পরিবহন খরচ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামেও প্রভাব পড়বে। সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।