শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

বলিভিয়ায় আবিষ্কৃত নতুন প্রজাতির বুনো বিড়াল: লিওপার্ডাস টিলকাইও

বলিভিয়ায় নতুন প্রজাতির বুনো বিড়াল আবিষ্কৃত হয়েছে, যার নাম লিওপার্ডাস টিলকাইও।

বলিভিয়ায় আবিষ্কৃত নতুন প্রজাতির বুনো বিড়াল: লিওপার্ডাস টিলকাইও

দক্ষিণ আমেরিকার বলিভিয়ায় নতুন একটি প্রজাতির বুনো বিড়াল আবিষ্কৃত হয়েছে। আন্তর্জাতিক বৈজ্ঞানিক সাময়িকী কারেন্ট বায়োলজি-তে প্রকাশিত গবেষণায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে। নতুন প্রজাতির বৈজ্ঞানিক নাম লিওপার্ডাস টিলকাইও বা ‘টিলকায়া বিড়াল’ রাখা হয়েছে।

গবেষকদের মতে, এই বিড়ালটির আকার সাধারণ গৃহপালিত বিড়ালের মতো হলেও, শরীরে দাগ ও ডোরাকাটা প্যাটার্ন থাকায় আগে এটি অন্য বুনো বিড়ালের সঙ্গে গুলিয়ে ফেলা হতো। সাম্প্রতিক ডিএনএ বিশ্লেষণে দেখা গেছে, এটি একটি সম্পূর্ণ নতুন প্রজাতি।

মধ্য ও দক্ষিণ আমেরিকায় ছোট বুনো বিড়াল বা ‘টাইগার ক্যাট’-এর প্রজাতি এতদিন তিনটি বলে মনে করা হতো। তবে নতুন গবেষণায় এ জাতীয় বিড়ালের অন্তত পাঁচটি প্রজাতি রয়েছে বলে জানা গেছে। বড় বিড়ালজাতীয় প্রাণীদের তুলনায় এসব ছোট বুনো বিড়ালও পরিবেশগত কারণে বিলুপ্তির মুখে রয়েছে।

নতুন প্রজাতির আবিষ্কারের পেছনে ১০ বছর বয়সী ‘টিগ্রিনো’ নামের এক বিড়ালের ভূমিকা রয়েছে। স্থানীয় এক বাসিন্দা এই বিড়ালটিকে গৃহপালিত বিড়ালের ছানা ভেবে লালন-পালন করেন। পরে এর আচরণে বুনো বৈশিষ্ট্য দেখা দিলে, সেটি একটি বন্যপ্রাণী উদ্ধারকেন্দ্রে পাঠানো হয়।

বলিভীয় বিজ্ঞানী ড. পাওলা নোগালেস-আসকারুঞ্জ বিড়ালটির শারীরিক গঠনে কিছু অস্বাভাবিকতা দেখতে পান এবং পরে ডিএনএ পরীক্ষা শুরু করেন। এ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায়, এটি একটি নতুন প্রজাতি।

ড. নোগালেস-আসকারুঞ্জ বলেন, ‘লিওপার্ডাস টিলকাইও নামের নতুন প্রজাতি খুঁজে পাওয়া একটি রোমাঞ্চকর সাফল্য। এটি প্রমাণ করে যে, এখনও অনেক নতুন প্রজাতি মানুষের অজানা রয়েছে।’

বর্তমানে বিড়াল পরিবারের অধীন স্বীকৃত প্রজাতির সংখ্যা ৪১। নতুন আবিষ্কারের পর এই সংখ্যা ৪৪ থেকে ৪৫-এ পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ড. ক্যারোলিন সার্টর জানান, প্রজাতি চিহ্নিত করা বন্যপ্রাণী সংরক্ষণের প্রথম ধাপ। এই প্রজাতি মারাত্মক ঝুঁকিতে রয়েছে, কারণ বনভূমি ধ্বংস ও বেআইনি শিকারের কারণে এর আবাসস্থল সংকুচিত হচ্ছে।

বর্তমানে নতুন প্রজাতির একমাত্র জীবিত সদস্য হিসেবে বলিভিয়ার উদ্ধারকেন্দ্রের বিড়ালটি রয়েছে। বিজ্ঞানীরা বিশ্বাস করেন, বলিভিয়ার ঘন উংগাস অঞ্চলে আরও অনেক বুনো বিড়াল মুক্ত অবস্থায় বেঁচে রয়েছে।

বিজ্ঞাপন