রাজধানীর হাতিরঝিলে বিদেশি আগ্রাসী প্রজাতির রেড ইয়ার্ড স্লাইডার কচ্ছপের বিস্তার ঘটেছে। গবেষকরা আশঙ্কা করছেন, এই কচ্ছপ দেশের বিভিন্ন জলাশয়ে ছড়িয়ে পড়ছে, যা পরিবেশের জন্য হুমকি হয়ে উঠতে পারে।
এ কচ্ছপ সাধারণত অ্যাকুরিয়ামে পোষা হয়, কিন্তু অনেকে দীর্ঘদিন ধরে পালনের পর এগুলো জলাশয়ে ছেড়ে দিচ্ছেন। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক আসীম কুমার মল্লিক জানান, এটি অবৈধভাবে দেশে প্রবেশ করছে এবং পাচারও হচ্ছে।
গবেষকরা সতর্ক করে বলেছেন, রেড ইয়ার্ড স্লাইডার কচ্ছপ বয়স বাড়ার সাথে সাথে সর্বভূক হয়ে ওঠে এবং জলজ প্রাণী খেয়ে ফেলে। এই কারণে স্থানীয় প্রজাতির জন্য এটি ক্ষতিকর হয়ে উঠছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফিরোজ জামান বলেন, "এগুলো নিয়ে বাণিজ্য হচ্ছে বাংলাদেশে। এগুলোর আসার রুট বন্ধ করতে হবে, তা না হলে আমাদের স্থানীয় বাস্তুতন্ত্র দখল করে ফেলবে।"
এছাড়া, কচ্ছপের শরীরে সালমোনেলা ব্যাকটেরিয়া রয়েছে, যা মানুষের শরীরেও ছড়াতে পারে। গবেষকরা স্থানীয় প্রজাতির জন্য নিরাপদ জলাশয়ে এই কচ্ছপ না ছাড়ার পরামর্শ দিয়েছেন।