জাপানি গবেষকরা সমুদ্রের তলদেশে জমে থাকা প্লাস্টিক বর্জ্য শনাক্ত করার জন্য একটি নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি তৈরি করেছেন। এই প্রযুক্তির নাম 'ডিপলিটারএআই', যা রিয়েল টাইমে প্লাস্টিক বর্জ্যের অবস্থান ও পরিমাণ পর্যবেক্ষণ করতে সক্ষম হবে।
জাপান এজেন্সি ফর মেরিন-আর্থ সায়েন্স অ্যান্ড টেকনোলজির গবেষকেরা এই প্রযুক্তিটি তৈরি করেছেন। সংবাদ সংস্থা কিয়োদোর বরাতে জানা যায়, সিস্টেমটি মানুষের তুলনায় প্রায় দ্বিগুণ গতিতে সমুদ্রের তলদেশের ছবি বিশ্লেষণ করতে পারে।
'ডিপলিটারএআই' তৈরির জন্য প্রায় ১২ হাজার ছবির একটি ডেটাসেট ব্যবহার করা হয়েছে, যা ১৯৮৩ সাল থেকে সংগৃহীত সমুদ্রের তলদেশের ভিডিও ফুটেজ থেকে নেওয়া হয়েছে। ছবিগুলোতে বিভিন্ন ধরনের ছোট বর্জ্য, পাথর ও সামুদ্রিক প্রাণীর ছবি অন্তর্ভুক্ত রয়েছে।
গবেষকরা জানিয়েছেন, সিস্টেমটি ছবির প্রস্থের ৫ থেকে ১০ শতাংশ জায়গাজুড়ে থাকা ছোট বর্জ্য শনাক্ত করতে সক্ষম। পরীক্ষায় প্লাস্টিকের বোতল ও পলিথিনের ব্যাগসহ বড় ধরনের বর্জ্যের প্রায় ৮০ শতাংশ সফলভাবে শনাক্ত করেছে।
গবেষণা দলের সদস্য রিয়োতা নাকাজিমা বলেন, এআই প্রযুক্তির মাধ্যমে সমুদ্রের কোন কোন এলাকায় বিপুল পরিমাণ বর্জ্য জমা হচ্ছে তা দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। তিনি আশা প্রকাশ করেন যে, এই তথ্য ব্যবহার করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যাবে।
গবেষকদের মতে, ভবিষ্যতে 'ডিপলিটারএআই' ব্যবহার করে সমুদ্রের তলদেশে প্লাস্টিক বর্জ্যের বিস্তার নিয়মিত ও তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে, যা সমুদ্রের পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ গ্রহণে সহায়ক হবে।